ফের জাহাজে হামলা! হরমুজ় বন্ধ ঘোষণা করল ইরান, ট্রাম্পের নির্দেশে পাল্টা আক্রমণ শুরু মার্কিন বাহিনীর, উত্তাপ বাড়ছে

Spread the love

হরমুজ় বন্ধ ঘোষণা করতেই রবিবার ভোরে (স্থানীয় সময়) সতর্কতামূলক গোলাবর্ষণ করে ইরান। তা ওই অঞ্চলে থাকা সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিনরুমে আঘাত করে।

হরমুজ় প্রণালীতে ফের আক্রান্ত হল পণ্যবাহী জাহাজ। ইরান আবার ওই জলপথটি বন্ধ করার কথা ঘোষণা করে দিয়েছে। ফলে পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পারদ চড়ছে। ইরানের ঘোষণার পরেই আমেরিকার সেনাবাহিনী হামলা শুরু করেছে। ইরানের একাধিক শহরকে নিশানা করা হয়েছে বলে অভিযোগ।

হরমুজ় বন্ধ ঘোষণা করতেই রবিবার ভোরে (স্থানীয় সময়) সতর্কতামূলক গোলাবর্ষণ করে ইরান। তা ওই অঞ্চলে থাকা সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিনরুমে আঘাত করে। তার পরে ইরান জানায়, এর কোনও প্রত্যাঘাতের চেষ্টা হলে ফল ভাল হবে না। হরমুজ় প্রণালী বন্ধই থাকবে। পণ্যবাহী ওই জাহাজটি অননুমোদিত পথ ব্যবহার করছিল বলেও দাবি করে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী।

ইরানের এই বিবৃতির পরেই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে আমেরিকা। পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সমাজমাধ্যমে জানায়, ইরানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সূত্রের খবর, বাহরিনের ঘাঁটি থেকে হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের বুশহর প্রদেশের একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার খবর মিলেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

আমেরিকা জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির নাম এম/ভি জিএফএস গ্যালাক্সি। ইরানের হামলায় তার ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এক নাবিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জবাবেই ইরানে হামলা চালানো হয়েছে। ইরানের বিবৃতিতে আবার দাবি, হরমুজ় প্রণালীতে আমেরিকার হস্তক্ষেপ বন্ধ না-হওয়া পর্যন্ত ওই জলপথ বন্ধ থাকবে। সেখান দিয়ে কোনও জাহাজ চলাচল করতে পারবে না। রবিবারের হামলার প্রত্যাঘাত করা হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে নিশানা করবে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। ‘নতুন শত্রু ঘাঁটি’গুলিতেও হামলা চালানো হবে বলে তারা দাবি করেছে।

হরমুজ় প্রণালী খোলা আছে এবং সেখান দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজে হামলা হবে না— ইরানের কাছ থেকে এই মর্মে প্রকাশ্য বিবৃতি চায় আমেরিকা। এ প্রসঙ্গে আলোচনা করতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ওমানে গিয়েছিলেন। কিন্তু সমাধানসূত্র এখনও পাওয়া যায়নি। ইরানের আগ্রাসনের জবাবে সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন, সংঘর্ষবিরতি শেষ। তবে আলোচনার পথ এখনও খোলা রেখেছে ওয়াশিংটন। তার মধ্যেই হরমুজ়কে কেন্দ্র করে ফের উত্তেজনার পারদ চড়ল পশ্চিম এশিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *