সপ্তাহভর ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে! উত্তরেও অতিভারী বর্ষণ, ঘূর্ণাবর্ত কী অবস্থায়? দুর্যোগ আর কত দিন

Spread the love

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। ওই দিন হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বর্ষণে ভিজছে শহর, শহরতলি। এই পরিস্থিতি আরও কিছু দিন চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। আগামী কয়েক দিন একই পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। তবে বাঁকুড়া, দুই বর্ধমানে সোমবার এবং মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত আর কোনও সতর্কতা নেই।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। ওই দিন হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রবিবার ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় কমবেশি বৃষ্টি চলবে। আগামী শুক্রবার এবং শনিবার কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *